দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৭৩০ জনে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৭০ হাজার ২৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।