রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায় এবং সর্বশেষ সেখানে অবস্থান করছে।
তিনি বলেন, ওই এলাকায় দুটি বস্তি ছিল এবং আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের বিরোধ রয়েছে। একটি পক্ষ হামলা-ভাঙচুর হওয়া জমিটি নিজেদের বলে দাবি করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলম নামের এক প্রবাসী দেশের বাইরে রয়েছেন। জমিটি তার দখলে ছিল। সেখানে থাকা দুটি বস্তির একটি তিনি আগেই দখলমুক্ত করেছেন। এরপর জমিটি খালি ছিল।
ওসি বলেন, অন্যপক্ষ খালি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা হামলা-ভাঙচুর চালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, একাধিক পক্ষেরই ওই এলাকায় জমি রয়েছে। জমি বা দখলসংক্রান্ত বিষয়ে পুলিশ পদক্ষেপ নিতে পারে না। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ ব্যবস্থা নেবে।